পাল্টা শুল্ক চুক্তিকে স্বাগত জানাল বিজিএমইএ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ৯ মাসের নিবিড় আলোচনার ধারাবাহিকতায় আজ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে আমরা এই চুক্তিকে স্বাগত জানাই। গতকাল মঙ্গলবার সংগঠনটির পক্ষ রেথকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

চুক্তিকে বর্তমান সরকারের অর্জন উল্লেখ করে বিজিএমইএ মার্কিন সরকারসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। চুক্তি প্রক্রিয়া গতিশীল করতে সহযোগিতার জন্য মার্কিন দূতাবাস ও ইউএসটিআর’কেও ধন্যবাদ জানিয়েছে, সংগঠনটি।

বিজিএমইএ জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে উৎপাদিত পোশাক রপ্তানির ক্ষেত্রে কোনো পাল্টা শুল্ক গুনতে হবে না। আমরা মনে করি, এর ফলে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাকের প্রবেশাধিকার আরও বৃদ্ধি পাবে। তবে এই সুযোগ কাজে লাগাতে মার্কিন কাঁচামাল ব্যবহারের মূল্যায়ন ও ট্রেসেবিলিটি প্রক্রিয়া নিশ্চিত হওয়া জরুরি।

বিজিএমইএর মতে, মার্কিন তুলা গুণগতভাবে উন্নত ও ব্যয়বহুল হওয়ায় স্থানীয় স্পিনাররা যদি সুতার প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করতে পারেন, তবে রপ্তানি বৃদ্ধির বিশাল সুযোগ তৈরি হবে। উল্লেখ্য যে, চুক্তির চূড়ান্ত শর্তাবলি সম্পর্কে বিজিএমইএ এখনো আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ অবহিত নয়। সরকারের কাছ থেকে বিস্তারিত নথিপত্র পাওয়ার পর বিজিএমইএ দ্রুত সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসবে এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও ইউএসটিআর এর সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করবে।