মৌলভীবাজারের কমলগঞ্জে চা গাছের সঙ্গে হাত-মুখ বাঁধা অবস্থায় রতন শুভকর (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ১ নম্বর সেকশন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত রতন একই চা বাগানের বড়লাইনের শুকটা শুভকরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চা বাগানের ভেতরে গাছের গুড়ায় বাধা অবস্থায় রতন শুভকরের মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। এ সময় তার হাত-মুখ বাঁধা অবস্থায় ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়।
এদিকে সংসদ নির্বাচনের আগের দিন চা বাগান এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রতনের বড় ভাই লক্ষীন্ধর শুভকর বলেন, ‘রতন তার পরিবার নিয়ে আলাদা থাকে এবং চা বাগানের স্থানীয় একটি ব্যান্ডদলে কাজ করে। মঙ্গলবারও সে একটি প্রোগ্রামে বাজনা বাজিয়েছে। বুধবার সকালে খবর পাই তার লাশ পাওয়া গেছে। তাকে কে, কিভাবে হত্যা করল তা আমরা জানি না।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’