ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে মাদারগঞ্জ উপজেলা থেকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কড়ই চূড়া ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)। তাদের সবার বাড়ি মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘দুপুরের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। এ বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। পরে তাদের কয়ড়া বাজারে নিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দীকী শুভ বলেন, ফেসবুকে আমার সমর্থকদের নামে যে ঘটনাটি দেখছেন এটি একটি পরিকল্পিত ঘটনা। যে ছেলেটি ঘটনাটি লাইভ করেছে এর আগেও সে আমাকে মৃত্যুর হুমকি দিয়েছিল এবং থানায় জিডি করা আছে। আমার প্রচার এবং এজেন্ট নিয়োগে বাধাগ্রস্ত করা ও ভীতির সঞ্চার করে নির্বাচনে জনগণের অংশগ্রহণকে অনিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। আশা করি জনগণ তাদের অধিকারকে নিশ্চিত করতে ভোট কেন্দ্রে গিয়ে তাদেরকে সমুচিত জবাব দিবেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন,'ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তিনি আটক তিনজনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন।