পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের শেষ পর্যায়ে এসে দল পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। দুজনকেই ভিত্তিমূল্যে কিনে নিয়েছে পিএসএলের দুই ফ্র্যাঞ্চাইজি।
ফাস্ট বোলার নাহিদ রানাকে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা) দলে নিয়েছে পেশাওয়ার জালমি। গত আসরেও জালমির স্কোয়াডে ছিলেন নাহিদ। তবে সে মৌসুমে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই তরুণ পেসার।
অন্যদিকে, বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে একই ভিত্তিমূল্য ৬০ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। দেশের বাইরে এটিই হবে ইমনের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ।
নাহিদ ও ইমনকে দলে নেওয়ার মধ্য দিয়ে পিএসএলের আসন্ন আসরে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল চারজনে। এর আগে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। আর নিলাম থেকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদ হোসেনকে কিনেছে টিম রাওয়ালপিন্ডি।
আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা পিএসএলের ১১তম আসর।