সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার।
গতকাল বুধবার সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই জামায়াত নেতা একজনকে টাকা দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে কিছু লোক তার ভিডিও করতে থাকেন।
এ সময় জামায়াত নেতা মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রাও তার পিছু ধাওয়া করে। কিন্ত শেষ পর্যন্ত ওই জামায়াত নেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ‘ভোটের আগে কেন্দ্র খরচসহ নেতাকর্মীদের অন্যান্য টাকা দিতে হয়। ওই টাকা তো কেন্দ্র খরচের টাকাও হতে পারে। ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছেন। ভোট কেনার তথ্য সত্য নয়।’
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান নির্বাচনী এজেন্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জামায়াত নেতার দৌড় দিয়ে পালানোর ভিডিওটি দেখেছি। শুধু কামারখন্দ উপজেলায় নয়, তারা বিভিন্ন স্থানে একই ধরনের কাজ করছে বলে সংবাদ পাচ্ছি। এ ছাড়া তারা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে’। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।