ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ভোট গ্রহণ চলছে স্বতঃস্ফূর্ত ভাবে। তবে ধানের শীষ ও রিকশা ছাড়া এই কেন্দ্রে অন্য কোন প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
বৃহস্পতিবার বেলা ১২টায় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এমন চিত্র দেখা যায়।
মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার গোলাম সামদানি বলেন, ভোট শুরু থেকে সকাল ১০টা পর্যন্ত ১০ শতাংশ ভোট পরেছিলো। বেলা বারার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়ছে। বেলা ১২টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে। এখানে খুবই শান্ত-সুষ্ঠ ভোট হচ্ছে।
জানা গেছে, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ২২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭০৬ জন, মহিলা ভোটার ১ হাজার ৫১৫ জন।
এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও জামায়াত জোট মনোনীত রিকশা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
এ ছাড়া এই আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান এবং কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মো. শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. খালেকুজ্জামান। হারিকেন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার। আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মো. রবিউল ইসলাম।
সংসদীয় আসন ঢাকা-১৩ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
পুলিশের নথি অনুযায়ী, ঢাকা-১৩ আসনে ১৩৮টির মধ্যে ১১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও পুলিশের তেজগাঁও বিভাগে এ ধরনের কেন্দ্র রয়েছে তিনটি। কেন্দ্রগুলো হলো জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আব্দুল হাসেম খান ইউসেপ টেকনিক্যাল স্কুল ও রায়েরবাজার কমিউনিটি সেন্টার।
ঢাকা মহানগর এলাকায় ১ হাজার ৯৭টি ভেন্যুতে ভোটকেন্দ্র রয়েছে ২ হাজার ১৩১টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১ হাজার ৫১৬টি। সাধারণ কেন্দ্র রয়েছে ৫২৫টি।