মানিকগঞ্জে ভোট কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে বাবু নামের (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত বাবু ওই গ্রামের বাসিন্দা। 

কেন্দ্রে উপস্থিত লোকজন জানান, বাবু সকালে ভোট দিতে কেন্দ্রে আসেন। ভোটারের স্লিপ নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনীষা রানী কর্মকার বলেন, 'আমি বিষয়টি শুনেছি। তিনি মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তার মৃত্যু হয়।”