মাহদী আমিন

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে

ভোটে বিএনপির অবশ্যম্ভাবী বিজয় টের পেয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, বিএনপির অবশ্যম্ভাবী বিজয় টের পেয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল বুধবার রাত থেকে নানা অনৈতিক কাজ করেছে যা নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
 
তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি কিছু জায়গায় সহিংসতা করেছে প্রতিপক্ষ রাজনৈতিক দল। আশা করি, এসব ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন দায়িত্বশীলরা।
 
যারা ভোট দেননি, তাদের দ্রুত ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করুন।

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।