কুমিল্লা-১ আসনের দাউদকান্দি এলাকায় দুপুরের দিকে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কমে গেছে। সকালে নারী ভোটারদের সরব উপস্থিতি থাকলেও দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলো প্রায় ফাঁকা হয়ে পড়ে।
দাউদকান্দির কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম। অনেক বুথে পোলিং এজেন্টদের ভোটারদের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে একটি বুথে ছয় থেকে সাতজন ভোটার উপস্থিত থাকলেও অন্যান্য বুথগুলো ছিল প্রায় খালি। কেন্দ্র সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে ৩৫ থেকে ৪৫ শতাংশের মধ্যে।
ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ২ হাজার ১২৯ ভোটারের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাঁচটি বুথে ৮৪৫ ভোট কাস্ট হয়েছে।
উপজেলা নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, দাউদকান্দিতে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর পর্যন্ত উপজেলায় মোট ভোট পড়েছে ৫০ দশমিক ৫১ শতাংশ।