বিশ্বকাপে ওমানকে টি-টোয়েন্টি শেখালো শ্রীলঙ্কা

অধিনায়ক দাসুন শানাকার ঝোড়ো ফিফটিতে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে একপ্রকার উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার পাল্লেকেলেতে গ্রুপ ‘বি’র ম্যাচে ওমানকে ১০৫ রানে হারায় লঙ্কানরা।

শানাকার মাত্র ১৯ বলে করা ফিফটি, কুশল মেন্ডিসের ৬১ ও পবন রত্নায়েকের ৬০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রান তোলে শ্রীলঙ্কা। চলতি টুর্নামেন্টে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ওমান থামে ৯ উইকেটে ১২০ রানে। পাঁচ বোলার মিলে ওমানের উইকেট ভাগ করে নেন। অফস্পিনার মাহিশ থিকশানা ছিলেন সবচেয়ে সফল—৪ ওভারে ১১ রানে নেন ২ উইকেট।

ব্যাট হাতে দারুণ একটি মাইলফলকও গড়েছেন শানাকা। শ্রীলঙ্কার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির নিজের আগের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২৩ সালে ভারতের বিপক্ষে করা ২০ বলে ফিফটির রেকর্ড এবার ছাড়িয়ে গেছেন ১৯ বলে ফিফটি করে। ইনিংসে পাঁচটি ছক্কা মারেন শানাকা। তবে পরের বলেই লং–অফে ক্যাচ তুলে দিয়ে আউট হন লঙ্কান অধিনায়ক।

এর আগে শ্রীলঙ্কা শুরুতেই দুই ধাক্কা খায়। পাওয়ারপ্লের মধ্যেই পাথুম নিশাঙ্কা ও কামিল মিশরাকে হারায় দলটি। এরপর তৃতীয় উইকেটে কুশল মেন্ডিস ও পাভান রত্নায়েকের ৫২ বলে ৯৪ রানের জুটি লঙ্কান ইনিংসের ভিত গড়ে দেয়।

ওমানের হয়ে একমাত্র লড়াই করেন ৪৩ বছর বয়সী মোহাম্মদ নাদিম। তিনি ৫৬ বলে অপরাজিত ৫৩ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হাফসেঞ্চুরি করা ব্যাটার হলেন নাদিম। ওমানের আর মাত্র একজন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছান—ওয়াসিম আলী করেন ২৭ রান।

এই জয়ে টুর্নামেন্টে টানা দুই ম্যাচ জিতল শ্রীলঙ্কা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা (৩.১২৫)। দ্বিতীয় অস্ট্রেলিয়ার (৩.৩৫০) সংগ্রহ ১ ম্যাচে ২ পয়েন্ট। জিম্বাবুয়েও (২.৭০২) অস্ট্রেলিয়ার সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে। রানরেটে পিছিয়ে তারা। দুটি করে ম্যাচ খেলে পয়েন্ট না পাওয়া আয়ারল্যান্ড ও ওমান যথাক্রমে চারে ও পাঁচে। 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২২৫/৫ (কুশল মেন্ডিস ৬১, রত্নায়েকে ৬০, শানাকা ৫০; রামানন্দি ২/৪১, সুফিয়ান ১/৬০)।
ওমান: ২০ ওভারে ১২০/৯ (নাদিম ৫৩*, ওয়াসিম ২৭; তিকশানা ২/১১, চামিরা ২/১৯, ভেল্লালাগে ১/১৭)।
ফল: শ্রীলঙ্কা ১০৫ রানে জয়ী। 
ম্যাচসেরা: পবন রত্নায়েকে (শ্রীলঙ্কা)।