ফেনী-২ (সদর) আসনের ১১ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলাচেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গেলে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন মজিবুর রহমান মঞ্জুর প্রেস সচিব হাবিব নেয়াজি জানান, দুপুরে মজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল হান্নান ও শহীদের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকে এবং এক পর্যায়ে তারা মঞ্জু সাহেবের দিকে তেড়ে আসে। ঈগল মার্কার উপস্থিত সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় তালহা নামে একজন ঈগল সমর্থককে বেদম মারধর করে আহত করেন অভিযুক্তরা। এছাড়া ধর্মপুরের জোয়ার কাছাড় কেন্দ্রে মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিমকে হামলা করে আহত করে এবং তার গাড়িটি ভাঙচুর করে সন্ত্রাসীরা।