শ্রীপুরে টেন্ডার ব্যালটে ভোট দিলে লাকি বেগম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে লাইনে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ভোট দিতে পারেননি এক নারী ভোটার। এ নিয়ে তিনি ক্ষুব্দ হন। চলতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে  থেকে ভোট কক্ষে ঢুকে দেখেন তার ভোট হয়ে গেছে। পরে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী  ওই নারী টেন্ডার ব্যালটে ভোট দেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।  এঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। 

প্রত্যাহারপ্রাপ্তরা হলেন কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হারেছা খাতুন, দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পোলিং এজেন্ট সালমা আক্তার ও অপর পোলিং এজেন্ট মাসুম খান ।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান, ওই কেন্দ্রে লাকি বেগম নামের এক নারী ভোটার সকালে ভোট দিতে লাইনে দাঁড়ান। এক পর্যায়ে সুযোগ পেয়ে ভোট কক্ষে গিয়ে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে। তিনি হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন। এরপর বিষয়টি তিনি দায়িত্বরত কর্মকর্তাদের জানান। দায়িত্ব অবহেলার দায়ে তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। 

শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা কিভাবে ঘটলো তা তদন্ত করে দেখা হবে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, একজন ভোটার অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ তিন জনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া (প্রত্যাহার) করা হয়েছে। পরে ওই নারী ভোটারের ভোট নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী টেন্ডার ব্যালটে ভাট নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত