আবেগাপ্লুত শাহনূর
চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন উপলক্ষে গত বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে হলো বিশেষ আয়োজন। ‘ভ্যালেন্টাইন এবং শাহনূর’ শীর্ষক অনুষ্ঠানটি মূলত নিউ ইয়র্কে বসবাসরত অভিনেত্রী শুভকাক্সক্ষীরা আয়োজন করে। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই আয়োজন চলে গভীর রাত পর্যন্ত। শাহনূর জানান, এই আয়োজনের উপস্থাপনায় ছিলেন শারমিন সিরাজী ও সোনিয়া। একে একে সংগীত পরিবেশন করেছেন কালা মিয়া, রায়হান তাজ, প্রমি তাজ, হীরা, সেলিম ইব্রাহিম, ডা. কামরুল, নেহা, জনি, কাজলসহ বেশ কয়েকজন। ভালোবাসা দিবসকে সামনে রেখেই শাহনূরের জন্মদিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি শাহনূরের জন্মদিনকে ঘিরেই কুইন্স প্যালেসে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। পুরোটা সময় শাহনূর ভীষণ উপভোগ করেন। নায়িকা বলেন, ‘আমাকে ঘিরে ভালোবাসা দিবসকে সামনে রেখে এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। সত্যিই ভীষণ আবেগাপ্লুত হয়েছি। মাঝে মাঝে খুশিতে চোখে পানি চলে এসেছিল। বারবার শুধু আম্মুর কথা মনে পড়ছিল, এমন একটি সময়ে আম্মু পাশে থাকলে অনেক খুশি হতেন।’
ফের ক্লিফ বুথ হচ্ছেন পিট
আবার ক্লিফ বুথ হয়ে ফিরছেন হলিউডের বর্ষীয়ান তারকা ব্র্যাড পিট। নেটফ্লিক্স প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’। ডেভিড ফিঞ্চার পরিচালিত সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড সিনেমার ক্লিফ বুথ চরিত্রকে ঘিরে সিনেমাটির গল্প আবর্তিত হচ্ছে। ক্লিফ বুথ চরিত্রে অভিনয় করেই প্রথম অস্কার জিতেছিলেন পিট। টিজারে তার চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমার খুব বেশি প্রতিভা নেই, কিন্তু একটা ভালো গল্পের পথে বাধা হয়ে দাঁড়াতে নেই এটা আমি জানি।’
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কোয়েন্টিন টারান্টিনো। তবে এবার লিওনার্দো ডিক্যাপ্রিওর রিক ডাল্টন চরিত্রটি আর থাকছে না। তার বদলে ব্র্যাড পিটের সঙ্গে পর্দা ভাগ করবেন এলিজাবেথ ডেবিকি। টিজারের শুরুতেই ২০১৯ সালের মূল সিনেমার সঙ্গে যোগসূত্র দেখা যায়। ব্র্যাড পিট ও এলিজাবেথ ডেবিকি ছাড়াও সিনেমায় অভিনয় করছেন ইয়াহিয়া আবদুল-মাতিন, কার্লা গুগিনো, টিমোথি অলিফ্যান্ট, স্কট কান, হোল্ট ম্যাককালানি ও পিটার ওয়েলার। চলতি বছরের শেষের দিকেই সিনেমাটি মুক্তি পেতে পারে।
তটিনীর স্বপ্নপূরণ
ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী এখন হালের অন্যতম ব্যস্তশিল্পী। একের পর এক প্রজেক্টে কাজ করে যাচ্ছেন এই তরুণী। ক্যারিয়ারে অনেক শিল্পীর সঙ্গে কাজ করলেও এবার অভিনেতা চঞ্চল চৌধুরী এবং নির্মাতা প্রবীর রায় চৌধুরীর প্রকল্পে যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করলেন তিনি। তটিনী বলেন, ‘চঞ্চল ভাইয়ার সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে, প্রবীর দার সঙ্গেও কাজ হয়েছে। কিন্তু এই দ্বৈতটাও তো আসলে খুবই পপুলার। সো এদের সঙ্গে মানে মাঝে বসতে পারলাম আমি, কাজ করতে পারছি, সো আই অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল আসলে। আমার উইশ লিস্টের মধ্যে আই থিংক কোনো একটা কিছু পূর্ণ করলাম আজকে।’
২০১৯ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু তটিনীর। তবে অভিনয়ে পা রাখার পর থেকেই নিজের কাজ দিয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। ‘ভালোবাসার প্রথম কদম ফুল’-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন লাস্যময়ী এই মডেল-অভিনেত্রী।
নতুন পরিচয়ে শ্রীলীলা
রুপালি পর্দার ঝলকানির আড়ালে চলছিল আরও এক নিরবচ্ছিন্ন লড়াই। অবশেষে পড়ল সেই অধ্যায়ের ইতি। বলিউড অভিনেত্রী শ্রীলীলা এখন একজন চিকিৎসক। অভিনয় আর চিকিৎসাবিজ্ঞানের পড়াশোনা দুই সমান্তরাল জগৎ সামলে ছবছর পর মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করলেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনুরাগীদের গর্ব, উচ্ছ্বাস সব মিলিয়ে যেন উৎসবের আবহ। সমাবর্তনের এক ছবিতে দেখা যায়, মেরুন রঙের গাউন পরে মঞ্চে ডিগ্রি গ্রহণ করছেন শ্রীলীলা। নাম ঘোষণার পর মঞ্চ থেকে নেমেই পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন সেই মুহূর্তে চোখেমুখে স্পষ্ট আবেগের ছাপ। আরও একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সহপাঠীদের সঙ্গে আধুনিক রীতিতে চিকিৎসকদের শপথ পাঠ করছেন তিনি। ‘২০২০ ব্যাচের চিকিৎসক’ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গেই বন্ধুদের সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন শ্রীলীলা। ক্যামেরার সামনে হাসিমুখে সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখেন। শ্রীলীলার এই সাফল্যে মুগ্ধ অনুরাগীরা। অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমেন্ট করছেন।