কুমিল্লার দাউদকান্দির গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে তিনটি মাইক্রোবাস পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গৌরীপুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে হাবিব মিয়ার গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত গাড়ীর মালিকদের দাবী।
গাড়ীর মালিক মানিক মিয়া বলেন, গ্যারেজে আগুন লাগছে শুনে দৌড়ে এসে স্থানীয় লোকদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যারেজের ম্যানেজারের মাধ্যমে জানতে পারি আমার গাড়ীতেই প্রথম আগুন লাগে। পরে দুই পাশের আলমগীর ও জাহাঙ্গীর দুটি গাড়ী পুড়ে যায়। পুড়ে যাওয়া গাড়ীগুলো ঠিক করতে আমাদের প্রায় ৭/৮ লাখ টাকা লাগতে পারে।
গ্যারেজ ম্যানেজার হাবিব বলেন, আমার গ্যারেজে ১৫/২০টি মাইক্রোবাস থাকে। গতকাল ভোটের দিন অনেক গাড়িই বন্ধ ছিল। রাত আটটার দিকে মানিকের গাড়ীর চালক গ্যারেজে আসে এবং দশটার দিকে বের হয়ে যায়। এর পরেই আগুন লাগে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, ঘটনাস্থলে পানির উৎস থাকায় আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে তিনটি মাইক্রোবাস পুড়ে গেছে। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা।