বিটিভিতে বসন্তের ছোঁয়া

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বর্ণিল ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালায় সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র পর্দা। ঋতুরাজ বসন্তের আগমন ও ভালোবাসার আবহ ঘিরে ১৪ ফেব্রুয়ারি, শনিবার দিনব্যাপী থাকছে বিশেষ আয়োজন।

দর্শকদের জন্য থাকছে একাধিক সংগীতানুষ্ঠান। দুপুর ১২টা ৪৫ মিনিটে এরশাদ হোসেনের প্রযোজনায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান। বিকাল ৫টায় হাসান চৌধুরীর উপস্থাপনা ও মাহবুবা জেমিনের প্রযোজনায় গান শোনাবেন রাজীব, পিয়াল হাসান, চম্পা বনিক, পুতুল, মোহাম্মদ রাশেদ, স্মরণ ও হাসান চৌধুরী।

রাত ১০টায় প্রচারিত হবে আফরোজা সুলতানার প্রযোজনায় সংগীতানুষ্ঠান ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’। আলম আরা মিনুর সংগীতায়োজনে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অধরা জাহান। এতে গান পরিবেশন করবেন আলম আরা মিনু, রুমানা ইসলাম, অনন্যা আচার্য, খালেদ মুন্না, পিয়াল হাসান, আঁখি আলমগীর, রাফতি রায়া, তানভীর আলম, ছন্দামণি, পরাণ ও লাবণ্য।

সন্ধ্যা ৬টায় সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় প্রচারিত হবে ‘বাঙালি হৃদয়ে ফাল্গুন’। সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে আলেখ্যানুষ্ঠান ‘ফাল্গুনের রঙে রাঙা’। কবিতা, নৃত্য ও সংগীতের সমন্বয়ে বসন্তের রূপ ও প্রেমের আবেগ তুলে ধরা হবে এতে। সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা, অনিমা রায় ও সাজিয়া সুলতানা পুতুল। নৃত্যে থাকবেন প্রান্তিক দেব, সম্বিতা রায় ও তাদের দল। আবৃত্তি করবেন আশরাফুল হাসান, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু ও জান্নাতুল। নুসরাত জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার।

এ ছাড়া রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বসন্ত এসে গেছে’। রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয়ে থাকছেন ডলি জহুর, আজম খান, সালমান আরাফাত, নওশীন নাহার, শেখ স্বপ্না, শফিউল আলম বাবু ও শিউলি শিলা।

নাটকের কাহিনিতে উঠে আসবে—জগত সংসারে অনেক কিছু এড়িয়ে চলা সম্ভব হলেও প্রিয় মানুষকে এড়িয়ে থাকা যায় না। ক্ষণিকের রাগ-অভিমানের পরও ভালোবাসা মানুষকে টেনে নেয় আপন ঠিকানায়। বসন্তের রঙ আর প্রেমের আবেশে সাজানো এ আয়োজন দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।