কক্সবাজারে বড় ব্যবধানে হারল জামায়াত

কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনেই বিএনপি বেসরকারিভাবে জয়ী হয়েছে। বড় ভোটের ব্যবধানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতকে হারিয়েছে দলটি। অভিজ্ঞতা ও ব্যক্তি জনপ্রিয়তায় ভর করে জামায়াতের সব সমীকরণকে পদদলিত করে বিএনপির পরীক্ষিত নেতারা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-২ আসনের মাহফুজ উল্লাহ আলমগীর ফরিদ, কক্সবাজার-৩ আসনের লুৎফুর রহমান কাজল ও কক্সবাজার-৪ আসনের শাহাজাহান চৌধুরী।

এর মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সাড়ে ৯৫ হাজার ভোটের ব্যবধানে চতুর্থ বারের মতো জয়ী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ আসনে ১৭৭ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আবদুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি নেতা আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ। দুই উপজেলার ১২৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৬৩৪টি।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল ২৮ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনের ১৮২টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শহিদুল আলম বাহাদুরকে ২৮ হাজার ৪১৩ ভোটে পরাজিত করেছেন। প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে কাজল পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪০৭ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৪ ভোট।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে পঞ্চম বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৯৮০ ভোট।