ভোট পুনর্গণনার আবেদন বিএনপি প্রার্থীর

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রংপুর-৪ আসনে ১১ দলীয় জোট প্রার্থী, এনসিপির আখতার হোসেনকে বিজয়ী করার অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের ডাকবাংলো অফিসে প্রার্থী এমদাদুল হক ভরসা ভোট পুনর্গণনার আবেদন জানিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহানের কাছে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দেন। এ সময় ভোট পুনর্গণনার আবেদন করেন ওই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার অভিযোগ, ভোটের দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতার হোসেনের বিরুদ্ধে মব তৈরি করে ফল তার পক্ষে নেওয়াসহ ধানের শীষে সাড়ে ৮ হাজার ভোট বাতিল করিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোটের দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী আখতার হোসেন মব তৈরিসহ প্রশাসনের সহযোগিতায় ভোট ইঞ্জিনিয়ারিং করেছেন। ফল পুনর্গণনার জন্য আমি আবেদন দিতে বেলা ১১টায় ডিসির বাংলোর অফিসে এসেছি। কিন্তু ডিসি আমার ফোন রিসিভ করেননি এবং বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আমার সঙ্গে কেউ দেখা করতে আসেনি।

তিনি আরও বলেন, ফল না আসাসহ সঠিক বিচার না পেলে সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন থেকে মহাআন্দোলন গড়ে তোলা হবে। আমি নিশ্চিত ভোট পুনর্গণনায় সঠিক ফল বের হয়ে আসবে।

বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায় বলেন, ভোটের দিন প্রতিপক্ষ প্রার্থী মব তৈরি করে নির্বাচনের ফল পরিবর্তন করেছেন। আমিও চাই ভোটের ফল পুনর্গণনা হোক।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, ভোট পুনর্গণনার আবেদনটি পেয়েছি। তা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হবে।