ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীকে বিজয়ী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা তার জন্য সহজ ছিল না। তার চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন তার নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি না জিতলে হয়তো আবার ঢাকায় ফিরে নিজ পেশায় যোগ দিতাম। কিন্তু আমার কর্মীরা কোথায় যেত? তাদের এই ভালোবাসার ঋণ কীভাবে শোধ করব জানি না।’
সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা ভোট গ্রহণে অনিয়মের অভিযোগও তোলেন। তিনি দাবি করেন, দুপুরের পর কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির চেষ্টা হয়েছে। ফলাফল বিলম্বিত করার চেষ্টা করা হয়েছে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।