দুর্দশাগ্রস্ত রেনের কাছেই হোঁচট খেলো পিএসজি

ফরাসি লিগে বড় অঘটন ঘটিয়েছে রেনে। কোচ বরখাস্তের মাত্র চার দিনের মাথায় চ্যাম্পিয়ন পিএসজিকে ৩–১ গোলে হারিয়ে দিয়েছে তারা। এতে করে লিগ ওয়ানে টানা সাত ম্যাচের জয়ের ধারা থামল পিএসজির। আর তাদের হারে লেসঁ-র শীর্ষে ওঠার সুযোগ তৈরি হলো। 

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও উসমান দেম্বেলে ও দেজিরে দোয়ের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি পিএসজি।

সোমবার কোচ হাবিব বেয়–কে বরখাস্ত করে তার সহকারী সেবাস্তিয়ান তাম্বুরে–কে দায়িত্ব দেয় রেনে। টানা চার ম্যাচ হারার পর একই খেলোয়াড়দের নিয়েই সম্পূর্ণ বদলে যাওয়া এক দল হিসেবে মাঠে নামে তারা।

৩৪ মিনিটে দারুণ শটে পোস্টের কোণা দিয়ে বল জালে জড়িয়ে রেনেকে এগিয়ে দেন জর্ডানের ফরোয়ার্ড মুসা আল-তামারি । ৬৯ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এস্তেবান লেপল। দুই মিনিট পরেই পিএসজিকে ম্যাচে ফেরান দেম্বেলে। ডিফ্লেক্ট হওয়া ক্রস থেকে বল নিয়ে পোস্টের খুব কাছ থেকে বল জালে পাঠান তিনি।

ম্যাচের নয় মিনিট বাকি থাকতে বদলি ফরোয়ার্ড ব্রিল এমবলো তৃতীয় গোলটি করে রেনের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। এই জয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে গেছে রেনে। 

দশ ম্যাচে সপ্তম গোল করার পরও সতীর্থদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন দেম্বেলে। তিনি বলেন, “এই ধরনের ম্যাচ আমাদের জিততেই হবে। ব্যক্তিগতভাবে নয়, দল হিসেবে খেলতে হবে। মাঠে একা একা খেললে কিছুই হবে না, আমরা যেসব শিরোপা চাই, সেগুলো জিততে পারব না।”