মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রথম ম্যাচে শেষ ওভারে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।
ব্যাংককে বাংলাদেশের দেয়া ১১৫ রান তাড়ায় ১৯ ওভারে ১০৩ রানে পৌছে গিয়েছিল শ্রীলঙ্কা। অধিনায়ক ফাহিমা খাতুন শেষ ওভার করতে এসে একটি উইকেট নিয়ে ৮ রানে আটকে রাখেন লঙ্কানদের। ফলে ৪ রানে জয় পায় বাংলাদেশ।
১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। তাতে পাওয়ার প্লেতে ৩৪ রান করতেই ২ উইকেট হারায় লঙ্কানরা।
এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ১৯ বলে ১৭ রান করে শামিমা সুলতানা আউট হলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ইশমা করেছেন ৩০ রান। তিনে নেমে শারমিন করেছেন ২৯ রান। এরপর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি। ২ উইকেটে ৭৫ থেকে ৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
২০ রানে ৩ উইকেট শিকারী মেঘলা হয়েছেন ম্যাচ সেরা।
'বি' গ্রুপে বাংলাদেশের তাদের পরের ম্যাচ খেলবে সোমবার থাইল্যান্ডের সঙ্গে। শেষ ম্যাচ মালয়েশিয়ার সঙ্গে ১৮ ফেব্রুয়ারি।
৮ দেশের এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবে দুই গ্রুপের সেরা চার দল। ফাইনাল হবে ২২ ফেব্রুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’: ১৯.৫ ওভারে ১১৫ (ইশমা ৩০, শামিমা ১৭, শারমিন ২৯, রুবাইয়া ১১, তাজ ১১, ফাহিমা ৮, লতা ০, শরিফা ৩, ফারজানা ৫, জান্নাতুল ০, মেঘলা ২*; সাঞ্চিনি ৪/১৪, মালশা ২/১৭, সাথিয়া ২/২১)।
শ্রীলঙ্কা ‘এ’: ২০ ওভারে ১১১/৯ (হানসিমা ২৬, কাঞ্চানা ২৩, সাঞ্চিনি ২০, সানজানা ১৭; শরিফা ৪-০-২৬-১, মেঘলা ৪-০-২০-৩, ফাহিমা ৪-০-২৪-২, জান্নাতুল ৩-০-১৩-১, ফারজানা ১-০-৩-০, লতা ৪-০-২০-২)।
