ফরিদপুরের বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের আক্রমণে কমপক্ষে ১০টি দোকান, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলার পার্শ্ববর্তী সালথা উপজেলার খারদিয়া ইউনিয়নের মুশফিক বিল্লাহ জিহাদের অনুসারী কয়েকশ লোক বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে হামলা চালায়। জিহাদের ময়েনদিয়া গ্রামের অনুসারীরা সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে এবং পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বর বিএনপির পক্ষে কাজ করেন। নির্বাচনে স্থানীয়ভাবে হারলেও সারাদেশে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়। এরপরেই মান্নান মাতুব্বর এলাকায় তার হারানো প্রভাব ফিরে পাওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জিহাদের অনুসারী একদল লোক ময়েনদিয়া গ্রামের কমপক্ষে ১০টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
হামলাকারীদের আক্রমণ ঠেকাতে গিয়ে ময়েনদিয়া গ্রামের মান্নান মাতুব্বরের কমপক্ষে ৩০-৩২ জন সমর্থক আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়েনদিয়া ও খারদিয়ার দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।