মসজিদের ইমাম থেকে এমপি মুফতি আবুল হাসান

দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তারও আগে থেকে শুরু করেছেন মাদরাসায় শিক্ষকতা। ইসলামী বক্তা হিসেবেও তার খ্যাতি রয়েছে। এবার পরিচয়ের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আলোচিত এই ব্যক্তিত্ব হলেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি বিজয়ী হয়েছেন।

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে এই একটি আসনই পেয়েছে জামায়াত জোট। বাকি ১৮ আসনে জয় পেয়েছে বিএনপি। মুফতি আবুল হাসানের এই বিজয় এখন সিলেটজুড়ে আলোচনার কেন্দ্রে। মসজিদের মিম্বর থেকে তিনি এখন জাতীয় সংসদের সদস্য।

গতকাল শুক্রবার নিজ মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি উপস্থিত মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সিলেট-৫ আসনে এবারের নির্বাচনে হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিএনপি তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেয়। তিনি খেজুরগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মামুনুর রশীদ (চাকসু মামুন)।

নির্বাচনে ১১ দলীয় জোটের মুফতি আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট। আর বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশীদ পেয়েছেন ৫৬ হাজার ৩৬৯ ভোট।

নবনির্বাচিত এমপি মুফতি আবুল হাসানের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামে। ১৯৯৩ সাল থেকে তিনি জকিগঞ্জের জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদরাসায় শিক্ষকতা করছেন। পাশাপাশি ২০০০ সাল থেকে তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের একজন উপদেষ্টা। শিক্ষকতা, ইমামতি ও রাজনীতির পাশাপাশি ইসলামী বক্তা হিসেবেও তিনি সুপরিচিত ও জনপ্রিয়।

এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি আবুল হাসান বলেন, আল্লাহর রাসুল (সা.) মসজিদের মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। আমরা তো রাসুলের উম্মত। মসজিদের মিম্বর থেকে আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, দেশের খেদমতের জন্য, মিল্লাতের খেদমতের জন্য। সকলের সহযোগিতা, পরামর্শ নিয়ে আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে যাব। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে বিজয়ী করেছেন তাদের সেই প্রত্যাশা পূরণে সমর্থ হব।