নির্বাচনে জয়লাভের পরপরই পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত নিজের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন। গতকাল শনিবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলির লালবাগ এলাকায় নিজ হাতে একটি ব্যানার খুলে এই কর্মসূচির সূচনা করেন তিনি। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো পোস্টার ও ফেস্টুনও সরিয়ে ফেলেন।
মুজিবুর রহমান বলেন, ‘শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর শহর। দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। নির্বাচনের আগে আমরা প্রচারণার জন্য যে ব্যানার-ফেস্টুন লাগিয়েছি, নির্বাচন শেষ হওয়ার পর সেগুলো সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে এই কাজ শুরু করেছি। তিনি আরও বলেন, ‘শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সব নেতাকর্মীর প্রতি আমার অনুরোধ যেখানে যেখানে নির্বাচনী প্রচারণার ব্যানার, পোস্টার ও বিলবোর্ড রয়েছে, সেগুলো দ্রুত খুলে পরিবেশ পরিচ্ছন্ন করুন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য। চা-বাগান, পাহাড়-টিলা আর সবুজের সমারোহে ভরা এই অঞ্চলকে আরও পরিকল্পিতভাবে সাজাতে চাই। এখানে আসা পর্যটকরা যেন বলতে পারেন, বাংলাদেশ সত্যিই সুন্দর। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি।