গাইবান্ধা সদর উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজন (৪০) নামের এক আইনজীবী সহকারী নিহত হয়েছেন।
গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন ওই এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী (মুহুরী) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন সুজন। এ সময় কয়েক দুর্বৃত্ত হঠাৎ বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকে তাকে মাথায় কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সুজনের স্ত্রী ও ভাই সুধান চন্দ্র রায় জানান, জমি নিয়ে ৩৪ বছর ধরে স্থানীয় নরেশ চন্দ্রের সঙ্গে তার বিরোধ ছিল। সম্প্রতি নরেশ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। তাদের ধারণা, পূর্ববিরোধের জের ধরে নরেশ পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে সুজনকে হত্যা করেছে।
নিজ বাড়িতে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজনের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।