অন্তর্বর্তী সরকারের বিদায়লগ্নে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর যে প্রজ্ঞাপনমূলে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ এখন বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই আদেশটি আজই কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগকে অনুলিপি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, নতুন করে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আর বর্তমান মুখ্য সচিব অতিরিক্ত হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্বে থাকবেন।
অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশীদকে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। পরে তাকে ওই বছরের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।