ট্রেড ইউনিয়ন গঠনের অভিযোগে সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শ্রমিকরা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন শেষে সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে এই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
অবরোধের ফলে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ৭টায় অবরোধ চলছিল।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ছাঁটাই হওয়া সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহ-সাধারণ সম্পাদক খুকু মনিকে অবিলম্বে কাজে পুনর্বহাল এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতের দাবি জানান।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে ট্রেড ইউনিয়ন গঠন করায় দুই নেতাকে ছাঁটাই করা হয়েছে, যা অমানবিক ও অগণতান্ত্রিক। রাষ্ট্র শ্রমিকদের সংগঠন করার অধিকার দিলেও কারখানা কর্তৃপক্ষ তা উপেক্ষা করেছে বলে তারা দাবি করেন। দ্রুত সময়ের মধ্যে তাদের পুনর্বহাল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
এদিকে পটুয়াখালীগামী যাত্রী সাজ্জাদুল ইসলাম বলেন, ঢাকা থেকে নির্বিঘ্নে এলেও বরিশালে এসে অবরোধে আটকে চরম ভোগান্তিতে পড়েছি।
তিনি মহাসড়ক অবরোধের পরিবর্তে বিকল্প পদ্ধতিতে দাবি আদায়ের আহ্বান জানান।