নির্বাচনের পরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধনিয়া ইউনিয়নের গজাইল বাজারে যুবদল নেতার দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় উধনিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও সাধারণ সম্পাদককে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আব্দুল আলিম সরদার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও আব্দুল কাদের খন্দকার একই ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়ী হন। ১৩ ফেব্রুয়ারি ভোরে পূর্বশক্রতার জের ধরে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং টাকা লুট করে বলে থানায় অভিযোগ দায়ের করেন দোকান মালিক।
উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম বলেন, এ ঘটনায় যুবদল নেতা আব্দুল লতিফ ১০/১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। গত শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল আলিম সরদার ও আব্দুল কাদের খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।