চাঁদপুর-২ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ ( মতলব উত্তর - দক্ষিণ) আসনে ৮ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন । প্রতিদ্বন্দ্বিতা করা ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে। বাকি প্রার্থীরা ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হন।

মতলব উত্তর নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চাঁদপুর-২ আসনটি  মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মিলিয়ে মোট ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলার ৯৮টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪১ হাজার ৬৬০টি। মতলব দক্ষিণ  উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৬০ টি। দুই উপজেলা মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৭২০টি। 

মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন জানান, নির্বাচনী বিধি মোতাবেক প্রদত্ত ভোটের কমপক্ষে ১২.৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে এ আসনে ন্যূনতম ৩০হাজার ৭১৫ ভোট না পেলে জামানত রক্ষা করা সম্ভব নয়।

দুই উপজেলার ফলাফলে বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দীন ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এললিপির প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট। 

এদিকে জামানত হারানো প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির এমরান হোসেন  (১,২৮০ভোট), বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার  (২৬৫ভোট), ইসলামী আন্দোলনের মানসুর আহমেদ সাকিব ( ১২,০৫০ ভোট), নাগরিক ঐক্যার এনামুল হক (১৩৮ ভোট), বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জন্নুর আখন (৫০২ ভোট), গণঅধিকার পরিষদের গোলাপ হোসেন (৩০৬ ভোট)।