বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন কটকা এলাকা থেকে বেহুন্দি জাল দিয়ে মাছ শিকার করার সময় মাসুম মিয়ার মালিকানাধীন একটি ইঞ্জিন চালিত নামবিহীন ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী।
আজ সোমবার দুপুর দুইটার দিকে বরগুনার জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাতে সুন্দরবন এলাকা বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় জেলেদের ধরে নিয়ে যায় জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী।
অপহরণকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুল মান্নানের ছেলে রাজু, আব্দুল মালেকের ছেলে মাহবুব হোসেন ও রাজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজনের বাবার নাম জানা যায়নি।
ট্রলার মালিকের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে বাজার সওদায় করে পাথরঘাটা উপজেলার মাসুম মিয়ার নামবিহীন একটি ইঞ্জিন চালিত ছোট ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবনে মাছ শিকার করতে যায়। গত শনিবার দিবাগত রাতে সেখানে মাছ শিকারের সময় হঠাৎ জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়। তারা নিদিষ্ট সময়ের মধ্যে মুক্তিপন দিতে না পারায় দফায় দফায় মারধর করা হচ্ছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, কয়েকদিন আগেও জলদ্যুরা পাথরঘাটার ফোরকান মাঝি এবং সিদ্দিকসহ ৮ জন জেলেকে ধরে নিয়ে যায় এবং তারা মুক্তিপনের বিনিময়ে ফিরে আসেন।
কোস্টগার্ডের দক্ষিণজোন মিডিয়া কর্মকর্তার মুঠোফোনে কল করা হলে নাম প্রকাশ না করে বলেন, এরকম কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। এ রকম ঘটনা ঘটলে আমাদের লিখিতভাবে জানাতে হবে।