ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দার আবু বক্কর সিদ্দিক (৭০) হত্যাকাণ্ডের দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পানিহারি গ্রামের ইব্রাহিম মাসুদ (৪০) এবং সাজেদা আক্তার (৩৭)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে আটককৃত দুই আসামি ও তাদের স্বজনরা নিহত আবু বক্কর সিদ্দিকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। পরে গুরুতর আহত আবু বক্কর সিদ্দিককে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৬ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

এই ঘটনায় নিহতের ছেলে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে ১৫ ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানশ্রী জয়কা এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।