দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করেননি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপস করিনি, কখনো করবও না। বাংলাদেশের জন্য কাজ করেছি, আমাদের সন্তানদের জন্য কাজ করেছি। এ কাজে মন্ত্রণালয়ের সব উইং ও দপ্তর সংস্থা একসঙ্গে কাজ করতে পেরেছি। এই সুখস্মৃতি নিয়ে আমি এখান থেকে আমার কাজে ফিরে যেতে পারছি।
গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত উপদেষ্টার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তৃতা করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, আপনাদের (কর্মকর্তাদের উদ্দেশে) সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি কৃতজ্ঞতা (গ্র্যাটিচিউড) নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা (কর্মকর্তারা) কাজ করতে পারেন, সেটাই আপনারা প্রদর্শন করেছেন।