মুন্সীগঞ্জে ৩২ ককটেল উদ্ধার একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ও চরকেওয়াকে পৃথক অভিযান চালিয়ে ৩২টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় রনি মাদবর (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রনি সদর উপজেলার মুন্সীকান্দি গ্রামের রমিজ মাদবরের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সদর ও মোল্লাকান্দি আর্মি ক্যাম্প জানিয়েছে, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী টহল জোরদার করে। রাত ১টার দিকে ওই গ্রামে সন্দেহভাজন রনিকে গ্রেপ্তার করে তার বসতবাড়ি থেকে দুটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে, রাত সাড়ে ৯টার দিকে চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে সদর আর্মি ক্যাম্প অভিযান চালায়। এ সময় ওই গ্রামের আক্তার দেওয়ানের পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বালতিভর্তি অবস্থায় ৩০টি ককটেল উদ্ধার করা হয়।