পটুয়াখালীর বাউফলে একটি পুকুর থেকে রাকিব মৃধা (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিব মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি ওই ইউনিয়নের মহাস্রাদ্দি গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলেও তাকে এলাকায় দেখা গেছে। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। এ বিষয়ে পুলিশকে কিছুই অবগত করা হয়নি। বিকেলে স্থানীয়রা ভাসমান মরদেহের বিষয়টি দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। সেখানে গিয়ে লাশ শনাক্ত করে থানায় জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’