চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি সংসদ ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথ দিঘী ইউনিয়নের ফকির বাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদ ভাঙচুর অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রাঙ্গনে প্রতিবাদ সভায় এসব অভিযোগ করেন জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসন চৌধুরী। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রতিবাদ সভায় জাহাঙ্গীর হোসন চৌধুরী বলেন, গত রাতে জগন্নাথদীঘি ইউনিয়ন ফকির বাজার আমাদের শহীদ জিয়ার স্মৃতি সংসদ ভাঙচুর লুটপাট করেছে প্রতিপক্ষ। এমনি নির্বাচনের দিন কেন্দ্রের কোনো এজেন্ট প্রবেশ করতে দেওয়া হয়নিঅ পথে পথে বিএনপি দলীয় নেতাকর্মীদেরকে হুমকি ভোট প্রদানের বাদা প্রদান করছেন। নির্বাচনের দিন এমন কোনো কাজ নেই তারা করেনি। নির্বাচন শেষ করার পর দক্ষিণ চৌদ্দগ্রামে জগন্নাথ দীঘি ইউনিয়নে যে তাণ্ডব তারা চালিয়েছে আরাফাত রহমান কোকো নির্বাচনী অফিস ও শহীদ জিয়া স্মৃতি সংসদ ভেঙ্গে ক্রমান্বয়ে তারা ত্রাসের রাজত্ব কায়েম করছে।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পরেও চৌদ্দগ্রামে বিএনপি পরিবার এখনো স্বাধীন না। আমরা বিএনপি পরিবার তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি চৌদ্দগ্রামের দিকে দৃষ্টি দেন, আপনার নেতাকর্মীরা ভালো নেই।

এদিকে অভিযোগ অস্বীকার করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুহম্মদ বেলাল হোসাইন জানান, ১৫ ফেব্রুয়ারি রাতের ঘটনা। কে বা কাহারা তাদের অফিস ভাঙচুর করছে ওনারা দেখে নাই আমরাও দেখি নাই। অন্য কেউ ঘটনা ঘটিয়ে  আমাদেরকে দোষারোপ করতেও পারে। একটা রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য চেষ্টা করতেছে। এই অস্থিরতা সৃষ্টি করতে কেউ পারবে না।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ কাউসার জানান, নির্বাচন পূর্বে সহিংসতায় ঘটনা থানায় লিখিত অভিযোগ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি রাতের ঘটনা আমার জানা নেই।