কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে জামায়াত কর্মী কাজী ইউসুফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। তিনি কনকাপৈত বাজার সংলগ্ন কনকাপৈত দক্ষিণ পাড়ার কাজী একরামের ছোট ভাই।
জানা গেছে, গত ২-৩ দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের ফারিহা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরের চালকের সাথে জামায়াত কর্মী কাজী মোঃ ইউসুফের বাকবিতন্ডার ঘটনা ঘটে। ওই সময় আবুল কালাম আজাদ রাইডার কাজী মোঃ ইউসুফকে আমজাদের বাজার সীমানায় যেতে নিষেধ করে হুমকি দেন।
সোমবার সকালে কাজী মোঃ ইউসুফ আমজাদের গেলে ফারিহা এন্টারপ্রাইজ এলাকায় তার উপর হামলা করে আবুল কালাম আজাদ গং। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে কাজী মোঃ ইউসুফকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত কাজী মোঃ ইউসুফ ইসলামী সংগীত শিল্পী হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তিনি জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুী বলেন, ইউসুফ হোসেন নামে অসুস্থ্য একজনকে স্বজনরা হাসপাতালে এনেছে। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বিকেলে তথ্যটি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরে বালুর লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের একজনের বাক বিতন্ডা হয়েছে। আজকে সকালে আমজাদের বাজার গেলে তার উপর হামলার ঘটনা ঘটে। তবে শুনেছি, হার্ট এটাকে মারা গেছে। তারপরও পুলিশ পাঠানো হয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।