চাঁদপুরে দুর্বৃত্তরা ‘তোর বডি মানুষ খুঁজে পায় কিনা সন্দেহ’ লেখা একটি চিরকুটের সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীকে হুমকি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জেলার মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মফিজুল ইসলাম মুন্না ঢালী উপজেলার একলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ওই ইউনিয়নের একলাসপুর গ্রামে বাসিন্দা।
চিরকুটে লেখা ছিল, মফিজ আলম মুন্না (দালাল মুন্না ) তুই যা খাওয়ার খাইয়া লইস, যা করার কইরা লইস, তুই আগুন নিয়ে খেলছত হাত তো তোর পুরবই। চাইছিলাম তোরে কাফন ছাড়া দাফন দিমু কিন্তু না, উপরের নির্দেশে তোকে কঠিন থেকে কঠিন মৃত্যু দিমু, তাই আজ তোর বাড়িতে পায়ের ধুলা দিয়ে গেলাম, কখনও ভাবিনি তোর সঙ্গে এমন হবে। যে রাস্তা দেখায় তার সঙ্গেই গাদ্দারি করস, মুরবি মানছস, চেয়ারম্যান হইছস, পরবর্তীতে চেয়ারম্যান তো দূরের কথা চকিদারও হতে পারস কি না সন্দেহ, আর তোর জানাজা মানুষ পরতে পারে কিনা এবং তোর বড়ি মানুষ খুঁজে পায় কি না তা সন্দেহ, তোর জন্য আমার একটা সৈনিকই যথেষ্ট।
চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না জানান, সোমবার রাত ১০ টার দিকে তিনি বাড়িতে যান। এরপর প্রতিদিনের মতো তিনি বাড়ির উঠোন থেকে ফোনে কথা বলতে বলতে বাড়ির ছাদে উঠেন এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হয়। এ ঘটনার পর পুলিশকে খবর দেই। এরপর তিনি বাড়ি থেকে বের হলে সামনে একটি পলিথিন দেখতে পান। তবে সেটিতে হাত দেননি তিনি। পুলিশ আসার পর সেটি খুলে ভেতরে একটি কাফনের কাপড়, গোলাপজল, আতর ও চিরকুট পাওয়া যায়। পরে সেগুলো পুলিশ নিয়ে যায়। এমন হুমকি পাওয়ায় তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়েই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আমি মফিজুল ইসলাম মুন্না চেয়ারম্যান অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আমরা ঘটনাটি তদন্ত করছি।