প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিমন্ত্রীর তালিকায় ৬ নাম্বারে ব্যারিস্টার কায়সার কামালের নাম দেখা যায়।
এছাড়াও আজ সকাল সাড়ে ১০টার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আলহামদুলিল্লাহ সকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছি। দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী ২ উপজেলা দুর্গাপুর কলমাকান্দা নিয়ে গঠিত নেত্রকোনা ১ সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ) তার নিকটতম প্রার্থীর চেয়ে ৭০ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩টি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানী (রিকশা) প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৩৮ ভোট। মানুষের আস্থা আর ভালোবাসায় বিপুল ভোটে তিনি জয়যুক্ত হন। নির্বাচনের পর থেকেই পাহাড় সীমান্ত আর হাওর বিস্তৃত এ জেলার মানুষ তাকে মন্ত্রী পরিষদের সদস্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।