নেত্রকোনায় শিক্ষার্থীদের চিত্রকর্মে ফুটে উঠল ওজোনস্তর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

নেত্রকোনায় শিক্ষার্থীদের ভাষা ও চিত্রকর্মে পালিত হয়েছে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস। বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের কালেক্টরেট মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গ্রীন কোয়ালিশনের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় নেত্রকোনা সরকারি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী ওহিদুর রহমান, জেলা প্রকৃতি বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি তানভীর জাহান চৌধুরী, সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল, লেখক ও সমাজকর্মী সোহরাব উদ্দিন আকন্দ এবং পরিবেশকর্মী ও চিত্রশিল্পী অনাবিলা সরকার।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ওজোন স্তরের ভূমিকা অপরিসীম। ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করতে ওজোন স্তরের সুরক্ষায় সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ এবং ক্ষতিকর গ্যাসের ব্যবহার কমানোর মাধ্যমে পরিবেশকে বাসযোগ্য রাখা এখন সময়ের দাবি।

কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা প্ল্যাকার্ড প্রদর্শন, চিত্রাঙ্কন ও বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ওজোন স্তর সুরক্ষার গুরুত্ব এবং পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরে। পরে শেষ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বই উপহার দেওয়া হয়। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত