বোদা-দেবীগঞ্জ উপজেলাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই। দল আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।’ এভাবেই আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের প্রতিক্রিয়া জানালেন নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়া পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভায় শপথ নেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য কল করা হয়। ফরহাদ হোসেন আজাদ এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় ঠাঁই করে নেন। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।
১৯৬৬ সালের ১২ মার্চ জন্ম নেওয়া ফরহাদ হোসেন আজাদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীর ইউনিয়নের মেনাগ্রাম এলাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশায় ব্যবসায়ী ফরহাদ হোসেন আজাদ সক্রিয় রাজনীতি শুরু হয় ছাত্রজীবন থেকেই। রাজশাহী সরকারি কলেজে প্রথম জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্রদলের সদস্য হিসেবে নিযুক্ত হোন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য, ক্রীড়া সম্পাদক, সুগ্ম সাধারণ সম্পাদক, ১নং সহ-সভাপতি সহ বৃহত্তর রাজশাহী বিভাগীয় টিম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে রংপুর বিভাগীয় টিম প্রধান এবং বর্তমানে মূল দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২০২৪ এর ৫ আগষ্টের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন।
অতীতে তিনি কখনো জনপ্রতিনিধি ছিলেন না। তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ফরহাদ হোসেন আজাদের বাবা তোজাম্মেল হোসেন ছিলেন একজন পোস্ট অফিসের সরকারি কর্মকর্তা। মাতা ফেরদৌসী বেগম ছিলেন একজন গৃহীনী। ৬ বোন ২ ভাইয়ের মধ্যে ফরহাদ হোসেন আজাদ ষষ্ঠ।
ফরহাদ হোসেন আজাদ জনকণ্ঠ কে বলেন, ‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দল আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। নিজের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় রাখব।’
এদিকে মন্ত্রিসভা ঠাঁই পাওয়ার বিষয়ে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফরহাদ হোসেন আজাদ। দলের প্রতি তার নিষ্ঠা ও আনুগত্যের মূল্যায়ন তিনি পেয়েছেন। এ জন্য আমরা উচ্ছ্বসিত।’
পাচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন বলেন, দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে পঞ্চগড়ের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ফরহাদ হোসেন আজাদ। দল তাকে মূল্যায়ন করায় পঞ্চগড় ২ আসনের সাধারণ মানুষ হাই কমান্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞ।