বাংলাদেশ সরকারের নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বিবৃতিতে মঙ্গলবার বিকেলে সাবেক গোলরক্ষক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলকে শুভেচ্ছা জানান বিসিবি প্রধান ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
“আমিনুল হকের মতো একজন বিশিষ্ট ক্রীড়াবিদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ ও আকাঙ্ক্ষা সরাসরি উপলব্ধি করেন। আমার বিশ্বাস, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন ক্রীড়া শাখার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।”
“বিসিবি নতুন প্রতিমন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যাতে দেশের সকল স্তরে ক্রীড়ার প্রসার ও উন্নয়ন নিশ্চিত হয় এবং ক্রীড়াবিদদের জন্য ধারাবাহিক অগ্রগতি ও সুযোগ সৃষ্টি হয়।”
আমিনুল হককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এছাড়া বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)’র পক্ষ থেকেও নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সামন হোসেন সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “ক্রীড়া উন্নয়ন, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্তকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
“সাবেক একজন ক্রীড়াবিদ হিসেবে তার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিএসপিএ আশা করে, তার নেতৃত্বে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সাফল্য আরও বেগবান হবে।”