প্রথম মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত রাঙ্গামাটিবাসী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় গঠনের ২৮ বছর পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত রাঙ্গামাটিবাসী। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। দীর্ঘদিন পর রাঙ্গামাটির সংসদ সদস্য মন্ত্রিত্ব পাওয়ায় আনন্দের বন্যা বইছে জেলা জুড়ে।

১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পরের বছর ১৫ জুলাই তিন পার্বত্য জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়। শুরুতেই এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত কল্পরঞ্জন চাকমা। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়ী হওয়ার পর রাঙ্গামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনিস্বপন দেওয়ানকে উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়। এরপর ২০১৪ সালে বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুরকে প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালে পুনরায় বীর বাহাদুরকে পার্বত্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০২৪ সালের এরতরফা নির্বাচনে আওয়ামী লীগ আবার সরকার গঠন করার পর খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে পূর্ণমন্ত্রী পেলেও এই প্রথম রাঙ্গামাটি জেলা থেকে কোনো সংসদ সদস্য পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এদিকে পূর্ণমন্ত্রী পাওয়ার পর উচ্ছ্বসিত রাঙ্গামাটিবাসী। নেতাকর্মীরা একে-অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দীপেন দেওয়ানকে অভিনন্দন জানাচ্ছেন। দীপেন দেওয়ানকে রাঙ্গামাটিতে রাজকীয় বরণের ঘোষণাও দিয়েছেন।

রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান বলেন, ‘দীপেন দেওয়ানের নেতৃত্বে আমরা সব নেতাকর্মী গত ২০ বছর ধরে সক্রিয় ছিলাম। তিনি সরকারি চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার পর ২০ বছর ধরে দুঃসময়ে দলের পাশে ছিলেন। তার এই ত্যাগ দল মূল্যায়ন করেছে। রাঙ্গামাটিবাসী দীপেন দেওয়ানকে জাঁকজমকভাবে বরণে প্রস্তুতি নিচ্ছে।’

বিএনপির রাঙ্গামাটি জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, ‘আমাদের নেতা তারেক জিয়া রাঙ্গামাটিবাসীকে মূল্যায়ন করেছেন। দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতে এই আসনটি উপহার দেওয়ায় তিনি রাঙ্গামাটির মানুষের গণরায়কে স্বীকৃতি দিয়ে রাঙ্গামাটি থেকে এই প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী দিয়েছেন। রাঙ্গামাটিবাসী তার কাছে কৃতজ্ঞ। দীপেন দেওয়ান এই আস্থার প্রতিদান দেবেন। শীঘ্রই দীপেন দেওয়ানকে রাঙ্গামাটিতে রাজসিক বরণ করা হবে।’