৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল রংপুর বিভাগ

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন রংপুর বিভাগের চারজন নবনির্বাচিত সংসদ সদস্য। গতকাল মঙ্গলবার বিকেলে শপথ অনুষ্ঠানে তারা শপথগ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে রংপুর বিভাগের যারা শপথ নিয়েছেন তারা হলেন ঠাকুরগাঁও জেলা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর জেলার ডা. এ জেড এম জাহিদ হোসেন, লালমনিরহাটের আসাদুল হাবীব দুলু ও পঞ্চগড়ের ফরহাদ হোসেন আজাদ।

পূর্ণমন্ত্রী হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ডা. এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি বিএনপির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আসাদুল হাবীব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তিনি ২০০১-২০০৬ সালে বিএনপির মন্ত্রিসভায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।