মানিকগঞ্জের ঘিওরে সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে পৈশাচিক কায়দায় হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সতিনের বিরুদ্ধে। নিহতের স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনা মিলে সখিনাকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে এবং খাবারে বিষপ্রয়োগ করে হত্যা করেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড় পয়লা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনার সঙ্গে তার বিরোধ তুঙ্গে ওঠে। এই কলহের জেরে গত সোমবার রাত থেকেই সখিনার ওপর অমানবিক নির্যাতন চালায় সাইফুল ও তার নববিবাহিত স্ত্রী সাবিনা। নির্যাতনের একপর্যায়ে সখিনার মাথার চুল কেটে তাকে চরমভাবে অপদস্থ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে সখিনা পানি পান করতে চাইলে অভিযুক্তরা কৌশলে পানির বদলে বিষমিশ্রিত শরবত তাকে পান করায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই সখিনার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ঘিওর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে গ্রেপ্তার করেছে।
ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।