রেলস্টেশন থেকে অবৈধভাবে কাটা হলো গাছ

চট্টগ্রামের চন্দনাইশে খাঁনহাট রেলওয়ে স্টেশন থেকে প্রকাশ্যে অবৈধভাবে গাছ কাটা হয়েছে। গত রবিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের খাঁনহাট রেলওয়ে স্টেশনের এবাদতখানার পাশে এ ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও স্টেশন মাস্টারের অনুমতি ছাড়াই চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার কাঠ ব্যবসায়ী শফি সওদাগরের বিরুদ্ধে গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।

খাঁনহাট রেলস্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনে বহু দিন ধরে একটি বড় বাদামগাছ ছিল। একটি মহল রেলওয়ে কর্তৃপক্ষ ও স্টেশন মাস্টারের অনুমতি ছাড়াই ৩০-৪০ ফুটের গাছটি কেটে বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয়, মহলটি স্টেশনের একটি পুকুর ও স্টেশনের জায়গার ওপরে ২-৩টি দোকান নির্মাণ ও জায়গা দখল করে রেখেছে। এ বিষয়ে খাঁনহাট রেলস্টেশনের ইনচার্জ গোপীনাথ মজুমদার বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’