সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে গতকাল বৃহস্পতিবার টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেপ্তার করে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল ছিল অ্যান্ড্রুর ৬৬তম জন্মদিন। এক বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘গভীর মূল্যায়ন’ শেষে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই তদন্তের আওতায় বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। বিবৃতিতে বলা হয়, সরকারি নির্দেশনা মেনে পুলিশ গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে, অ্যান্ড্রু হিসেবে নিশ্চিত করেছে।

দোষী সাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখোমুখি হওয়া সাবেক এই রাজপুত্রকে এর আগে কখনো গ্রেপ্তার করা হয়নি। প্রিন্স উপাধি হারানো অ্যান্ড্রু ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই। গত বছরের শেষ দিকে ‘প্রিন্স’ উপাধি হারান অ্যান্ড্রু। উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদও ছাড়তে বলা হয় তাকে। জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের তীব্র নজরদারির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অ্যান্ড্রু বরাবরই দৃঢ়ভাবে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে তার এই গ্রেপ্তার নজিরবিহীন। রাজা তৃতীয় চার্লস ইতিমধ্যে জানিয়েছেন, পুলিশি তদন্তে তার পূর্ণ সমর্থন থাকবে। বর্তমানে আটটি আলাদা সংস্থা অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। এর মধ্যে সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি অ্যান্ড্রুর কাছে কোনো নারীকে পাচার করা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল অলিভার রাইট বলেন, তদন্তের সততা এবং নিরপেক্ষতা বজায় রাখা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে পারছি যে এই মামলাটি নিয়ে জনগণের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে সঠিক সময়ে আমরা এ বিষয়ে পরবর্তী তথ্য জানাব।