বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ এক অনন্য নাম। তাকে প্রায়ই ‘রূপসী বাংলার কবি’ বলে সম্বোধন করা হয়। এই উপাধির মূল কারণ তার সেই অমর কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’, যা বাংলার প্রকৃতি, গ্রামীণ জীবন ও নিসর্গের রূপকে এমনভাবে চিত্রিত করেছে যে, পড়তে পড়তে মনে হয় কবি যেন বাংলার মাটি-জল-আকাশ-ধানক্ষেতের সঙ্গে একাত্ম হয়ে গেছেন।
জীবনানন্দ দাশের জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল জেলায় (বর্তমান বাংলাদেশ)। তার বাবা সত্যানন্দ দাশ ছিলেন ব্রাহ্মসমাজের চিন্তাবিদ ও লেখক, মা কুসুমকুমারী দাশ ছিলেন কবি। এই পরিবেশে বেড়ে ওঠা জীবনানন্দের মনে প্রকৃতির প্রতি গভীর অনুরাগ জন্ম নেয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ করেন এবং বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। কিন্তু জীবনের বেশিরভাগ সময় কেটেছে অর্থনৈতিক অনিশ্চয়তা ও সাহিত্যিক স্বীকৃতির অভাবের মধ্যে। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তার অকালমৃত্যু হয়।
‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি জীবনানন্দের জীবদ্দশায় প্রকাশিত হয়নি। এটি ১৯৩৪ সালের দিকে (বঙ্গাব্দ ১৩৪০-৪১) লেখা হলেও মৃত্যুর পর ১৯৫৭ সালে সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়। কবি নিজে এর নাম রেখেছিলেন ‘বাংলার ত্রস্ত নীলিমা’, কিন্তু প্রকাশকরা ‘রূপসী বাংলা’ নামটিই বেছে নেন। গ্রন্থটিতে ৬১টি সনেট-ধর্মী কবিতা রয়েছে। এগুলো মূলত পা-ুলিপি আকারে ছিল এবং অপরিমার্জিত অবস্থায় প্রকাশিত হয়।
এই গ্রন্থের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাংলার প্রকৃতির প্রতি অপরিসীম মমত্ব ও চিত্ররূপময় উপস্থাপন। জীবনানন্দ বাংলার গ্রাম, ধানক্ষেত, নদী, মেঘ, পাখি, ফসল, গাছপালা সবকিছুকে যেন জীবন্ত করে তুলেছেন। তার বিখ্যাত কবিতা ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’তে লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।
এই পঙ্ক্তিগুলোতে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে পৃথিবীর যেকোনো রূপের চেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে। কবিতাগুলোতে ঘাস, ধান, হিজল-কাঁঠাল-অশ্বত্থ গাছ, শঙ্খমালা নদী, সুদর্শন পাখি, হলুদ শাড়ি পরা রূপসী নারী এসব উপাদান দিয়ে বাংলার এক অপরূপ চিত্র এঁকেছেন তিনি।
জীবনানন্দের কবিতায় প্রকৃতি শুধু পটভূমি নয়, তা যেন এক জীবন্ত সত্তা। এখানে প্রকৃতি ও মানুষের মধ্যে গভীর সম্পর্ক দেখা যায়। অনেক সমালোচক এই গ্রন্থকে ইকোপোয়েট্রি (পরিবেশকেন্দ্রিক কবিতা) হিসেবেও চিহ্নিত করেছেন, যেখানে শিল্পায়ন ও আধুনিকতার আগ্রাসনের বিপরীতে প্রকৃতির সৌন্দর্য ও নির্জনতাকে আশ্রয় করা হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই কাব্যের জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক অনুপ্রেরণা। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ‘রূপসী বাংলা’র কবিতাগুলো মুক্তিযোদ্ধাদের মনে অসীম প্রেরণা জুগিয়েছিল। বাংলার মাটি-জল-প্রকৃতির জন্য লড়াইয়ের চেতনা এই কবিতায় গভীরভাবে উপস্থিত।
জীবনানন্দের কাব্যভাষা অত্যন্ত চিত্রধর্মী। তিনি বলেছিলেন, ‘উপমাই কবিত্ব’। তার উপমা ও রূপক অতুলনীয়। যেমন ধানক্ষেতকে মায়ের গানের সঙ্গে তুলনা বা মেঘকে ছাতার মতো বড় পাতার সঙ্গে। এই চিত্ররূপময়তার জন্য রবীন্দ্রনাথও তার কাব্যকে ‘চিত্ররূপময়’ বলেছিলেন।
আজও ‘রূপসী বাংলা’ বাঙালির হৃদয়ে অমলিন। এটি শুধু একটি কাব্যগ্রন্থ নয় বাংলার আত্মপরিচয়, প্রকৃতির সঙ্গে আমাদের নিবিড় বন্ধনের দলিল। জীবনানন্দ দাশ যেন আমাদের শিখিয়েছেন, পৃথিবীর যত রূপই থাকুক, বাংলার মুখ দেখার পর আর কিছু খুঁজতে হয় না।