শাই হোপের ব্যাটে উইন্ডিজের আশা

অধিনায়ক শাই হোপের ব্যাটই আশা দেখাল ওয়েস্ট ইন্ডিজকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক শাই হোপের ৪৬ বলে ৭৫ রানের ইনিংসটাই গড়ে দিয়েছে ব্যবধান।

ইডেন গার্ডেনসে টস জিতে বোলিং নেন ইতালির অধিনায়ক হ্যারি মেনান্তি। ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন কিংয়ের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিনি আউট হয়ে যান ৪ রানে। তৃতীয় উইকেটে রোস্টন চেজকে নিয়ে ৫০ বলে ৬৪ রানের জুটি গড়েন হোপ। চেজ ২৪ রানে বিদায় নেওয়ার পর রোভম্যান পাওয়েলও ৯ রান করে ফিরে গেলে শেরফানে রাদারফোর্ডকে পাশে পান হোপ। তবে সেটা মাত্র ৩ বলের জন্য, এরপর হোপ নিজেই আউট হয়ে যান হোপ, কালুগামাগের বলে সুইপ করতে গিয়ে হয়ে যান বোল্ড। ৬ বাউন্ডারি আর ৪ ছক্কায় হোপের ইনিংস শেষ হয় ৭৫ রানে। শেষ দিকে রাদারফোর্ডের ২৪ আর ম্যাথু ফোর্ডের ১৬ রানের ক্যামিওতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬৫ রান। বেন মেনান্তি ও কৃশান কালুগামাগে নিয়েছেন দুটি করে উইকেট। ১৬৬ রান তাড়া করতে নেমে নিয়মিতই উইকেট হারাতে থাকে ইতালি। বেশিরভাগই অপেশাদার ক্রিকেটারদের নিয়ে গড়া ইতালির বিশ্বকাপ অভিযানের শেষটা হয়েছে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে।