কৃষি শক্তিশালী হলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষি মন্ত্রী

কৃষি খাত শক্তিশালী হলেই জাতীয় অর্থনীতির ভিত মজবুত হবে বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে কৃষি, খাদ্য ও মৎস্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। এ বাস্তবতায় কৃষি খাতের টেকসই উন্নয়ন ছাড়া জাতীয় অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো সম্ভব নয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি—এই তিনটি বিষয়কে সামনে রেখে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তার ভাষ্য, নির্বাচনী প্রতিশ্রুতির বড় অংশই কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীকে ঘিরে; এসব বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি সবচেয়ে বেশি উপকৃত হবে।

কৃষিজমিতে হেভি মেটালের মাত্রা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে মাটির উর্বরতা কমছে, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ সমস্যা মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাটি পরীক্ষা, পরিবেশবান্ধব চাষাবাদ ও জৈব উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন তিনি।

গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না। নদী ও কৃষিজমি রক্ষায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

নিরাপদ খাদ্য ও প্রাণিসম্পদ খাতের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য উৎপাদন এবং রপ্তানি সম্ভাবনা বাড়াতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বক্তারা কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিত ও ফলপ্রসূ উদ্যোগের মাধ্যমে কৃষি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।