ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

‎ফরিদপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইসরাত জাহান লাবণ্য (২৪) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবণ্য সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মালদিয়া গ্রামের বাসিন্দা আবুল বাশার মোড়লের মেয়ে। পড়াশোনার জন্য তিনি ফরিদপুর শহরে গোয়ালচামট ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় একা থাকতেন।

‎এ বিষয়ে বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান জানান, রাতে লাবণ্যের কক্ষ থেকে মোবাইল ফোনের রিংটোন শোনা যায়। একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। তখন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাবণ্যকে ঝুলন্ত দেখতে পাওয়া যান। এরপর আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে লাবণ্যর দেহ নিচে নামানো হয়।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।