আড়াইহাজারে এমপির নির্দেশে ২ ডাকাত আটক 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রকাশ্যে দিবালোকে ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যেই সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে দুই ডাকাতকে ধরে পুলিশে সোর্পদ করেছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে মরদাসাদি গ্রাম থেকে তাদের ধরতে সক্ষম হন তারা।

আটকরা হলেন মোহাম্মদ জাকারিয়া (৬০) ও মো. সোলায়মান (৪০)।

স্থানীয়রা জানায়,শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার খিরদাসাদি গ্রামে ব্যবসায়ী হাজী আব্দুর রবের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। প্রকাশ্যে দিবালোকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে জানান। এমনকি তারা ডাকাতদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানান। এরপর এমপি নির্দেশে তার ভাই রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, থানা পুলিশ ও স্থানীয় লোকজন রাতে ‘ডাকাত কবলিত’ মরদাসাদি গ্রামে অভিযান চালান। একপর্যায়ে স্থানীয়রা দুই ডাকাতকে হাতেনাতে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রিপন কুমার জানান, ডাকাতির ঘটনায় কারা সরাসরি জড়িত এবং তাদের সহযোগীরা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।